বাজেটে বেকারদের কর্মসংস্থানে যেন কাটছাঁট না হয়: জিএম কাদের

0

সিটি নিউজ ডেস্ক :  নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব উল্লেখ করে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সংশোধনীতে হত দরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ যেন কাটছাঁট না হয়।

বাজেটে যতবেশি ঘাটতি ততবেশি সংশোধন। ফলে সংশোধনের পর বাজেটের মূল চরিত্র আর রক্ষা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ জুন) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রস্তাবিত বাজেটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি, কৃষিতে প্রণোদনা এবং ভতুর্কি আরও বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

জনকল্যাণমূলক খাতসমূহ যাতে বরাদ্দ ছাটাইয়ের আওতায় না পড়ে সেদিকে লক্ষ্য লাখতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব ও উন্নয়ন উভয় বাজেটের বরাদ্দকৃত অর্থের পুনর্বণ্ঠনে এ বিষয়টি প্রযোজ্য।

বিদেশি ঋণ সময়ই কঠিন শর্তসহ দেওয়া হয় বলে দাবি করে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, এ ধরনের ঋণের বোঝা বেশি ভারী হয়। ভবিষ্যতে এ ধরনের ঋণ দেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকারকে সর্তক হতে হবে।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, বাজেটে আয়কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, যে পদ্ধতির মাধ্যমে করা হবে বলা হয়েছে তা বর্তমান আয়কর বিভাগের অপর্যাপ্ত অবকাঠামো ও লোকবলের কারণে প্রায় অসম্ভব।

তিনি বলেন, সংসদে অনেক তর্ক বিতর্কের পর দেশব্যাপী আলাপ আলোচনা ও মতামতের মাধ্যমে যে বাজেট গৃহীত হয় বাস্তবায়নকালীন সংশোধনের ধাক্কায় তার উদ্দেশ্য ও অনুমোদিত রূপরেখার ব্যাপক পরিবর্তনের আশঙ্কা থাকে।

আবার ঘাটতি মোকাবিলায় সময়ে সময়ে এসআরও জারির মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়। এতে পরোক্ষ কর বেড়ে যায়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই নিম্নবিত্তের ওপর বোঝা কম পড়ুক। প্রত্যক্ষ কর বেশি বাড়লে সাধারণ ধনিক শ্রেণির ওপর প্রভাব পড়ে তারা এটা সামলে উঠতে পারেন বলে মন্তব্য করেন জিএম কাদের।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.