সিটি নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
আজ রবিবার (৩০ জুন) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জিএম কাদের বলেন, এর আগে গতকাল শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল৷ কিন্তু সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেয়া হয়। ওষুধের পরিবর্তন করে তার ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বিদেশে চিকিৎসার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আছে। তবে, তা চিকিৎসকদের নির্দেশনার উপর নির্ভর করছে। এ মুহূর্তে সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে। ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
তিনি বলেন, মিডিয়াতে প্রচার হয়েছে অর্থের অভাবে পার্টির চেয়ারম্যানের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল। আমার যা কিছু আছে সর্বস্ব দিয়ে হলেও ভাইকে সুস্থ করার জন্য আমি ব্যয় করতে প্রস্তুত। তা ছাড়া তিনি তো এখনো সংসদের বিরোধীদলীয় নেতা। সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান। তার চিকিৎসার অর্থ রাষ্ট্রও দিবে।
এদিকে গত বৃহস্পতিবার পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে বলেছিলেন, অর্থের অভাবে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না- এ প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘সংসদে বলা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে মিডিয়াতে। আমি মূলত বিএনপি নেতা হারুনের বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলাম, এরশাদকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য বিএনপি দেশে-বিদেশে গোয়েন্দা সংস্থা লাগিয়েছিলেন। কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পাননি। আল্লাহ বিচার দুনিয়াতে করে দেখায়। খালেদা জিয়া আজ দুর্নীতির দায়ে জেলে আছেন। অথচ এরশাদ দুর্নীতি না করায় তার চিকিৎসার জন্য তার নিজের কাছে কোন অর্থ আজ নেই।’
