সিটি নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় উন্নত হয়েছে, চোখ মেলে তাকিয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জিএম কাদের জানান, আজ ১৩তম দিন এরশাদের চিকিৎসা চলছে। এ পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি ডাক দিলে চোখ মেলছেন।
তিনি জানান, এরশাদকে আজ ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে না। তবে তার হজমের স্বাভাবিক প্রক্রিয়া অচল রয়েছে। চিকিৎসকদের ভাষায় তার (এরশাদ) কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, ওষুধ ও মেশিনের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। ভেন্টিলেশনের মাধ্যমেই এরশাদকে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তবে বেশ কিছু ফাংশনে উন্নতি হয়েছে।
জিএম কাদের আরো জানান, আজ বেলা ১১টায় আমি সিএমএইচে এরশাদকে দেখতে গিয়েছিলাম। দেখলাম তিনি মাথা নাড়াচাড়া করছেন। ডাক দিলে তিনি চোখ খুলে তাকিয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।
