মোদির সঙ্গে বৈঠকের পর কাশ্মীর ইস্যু নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যাবতীয় সমস্যা কেবলমাত্র দ্বিপাক্ষিক। তৃতীয় কোনও পক্ষের সাহায্য দরকার নেই বলে জানিয়েছেন ।
আজ সোমবার (২৬ আগস্ট) ফ্রান্সের বিয়ারিৎসে অনুষ্ঠিত ৪৫ তম জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাইডলাইন বৈঠকে মিলিত হন। এই বৈঠক শেষে সংবাদ সম্মেলন এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি বলেন, ভারত পাকিস্তান ১৯৪৭ সালের আগে এক দেশ ছিলো। তারা নিজেদের সমস্যা সমাধানে সক্ষম। এখন আমরা নিজেরা ভেবে সিদ্ধান্ত নিতে পারি কিভাবে দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করা যায়।
কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিশেষাধিকার প্রত্যাহারের পর মোদি-ট্রাম্প প্রথম সাক্ষাতে কী আলোচনা হয় তার দিকে চেয়ে ছিলো গোটা বিশ্ব। কাশ্মীরে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের পর অন্তত ৩ বার মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিনের বৈঠকের পর যদিও ট্রাম্পের গলায় ছিল উল্টো সুর। বললেন, কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তান মুখোমুখি বসে সমাধান করে ফেলতে পারবে। একই কথ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যাবতীয় সমস্যা সম্পূর্ণ দ্বিপাক্ষিক।
কাশ্মীর নিয়ে মধ্যস্থতা থেকে ট্রাম্প পিছু হওয়ায় পাকিস্তান ধাক্কা খেলো বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কাশ্মীরের বিশেষাধিকার প্রত্যাহারের পর থেকেই বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাইছে পাকিস্তান। এখনও পর্যন্ত এব্যাপারে সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে তারা।
