ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল

0

সিটি নিউজ ডেস্কঃ আগামী ২০ ও ২১ ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন  অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এই তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল তাই দেশ ও জাতির কল্যাণে সব সময়ই সংগঠনটি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। এক দশকে বাংলাদেশ যা অর্জন করেছে তা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদা পেয়েছে। এখন বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের আগ্রহ তৈরি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি পাবে।

শেখ হাসিনা বলেন, আমি খুব আশাবাদী। আমাদের দেশ এগিয়ে যাবে। একটি কথা মনে রাখতে হবে- আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। কাজেই আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই কথা মাথায় রেখেই সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে তুলতে হবে এবং আওয়ামী লীগের সম্মেলনটা যাতে নিয়মিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে উপ-কমিটিগুলো আছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। কেউ নষ্ট করতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.