৮৬ কোটি’র চাঁদাবাজি ঢাকতে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চাঁদাবাজির কারণে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি নিতে হয়েছে। তাদের ৮৬ কোটি টাকার চাঁদাবাজি ঢাকতে আদালতের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বগণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক কাউন্সিল আজকে আদালতের মাধ্যমে বন্ধ করা হয়েছে। গণতন্ত্রের হত্যাকারীরা আদালতকে কসাইয়ের ছুরি হিসেবে ব্যবহার করা করেছে। আজকে বিশ্ব গণতন্ত্র দিবস। বিশ্বের মানুষ কথা বলার জন্য, মত প্রকাশের জন্য যুদ্ধ করছে, সংগ্রাম করছে।

সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কী দুর্নীতি করেছে? আপনারা তার কোনও দুর্নীতির প্রমাণ দিতে পারেন নাই। তারপরও তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। কারণ তিনি গণতন্ত্রের প্রতীক।

তিনি আরও বলেন, বেগম জিয়া দেশে বার বার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তিনি থাকলে মধ্যরাতের নির্বাচন করতে পারতেন না, স্বাধীনতার ওপর আঘাত করতে পারতেন না। দেশে কর্তৃত্ববাদ নয় গণতন্ত্রই টিকে বলেও মন্তব্য করেন রিজভী।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রিজভীর নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে ঢাকা ইন্স্যুরেন্স ভবনের সামনে এসে সমাবেশ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.