সরকারের সব ফাঁস হয়ে গেছে, ক্ষমতা দিয়ে টিকে থাকা যাবে নাঃ ফখরুল
সিটি নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। আপনাদের (সরকারের) সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। ক্ষমতা দিয়ে আর টিকে থাকা যাবে না। তাই এখনও সময় আছে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগরের পাঠানপাড়া মোড়ের বড় রাস্তায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, আপনারা যে চুরি করছেন এই ক্যাসিনোর মাধ্যমে তা প্রকাশ ও প্রমাণ হয়েছে। ক্যাসিনোতো ক্যাসিনো তার চেয়ে বড় কথা এই সরকার গত কয়েক বছরে ২৭ হাজার কোটি পাচার করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন- বিদেশে গিয়ে পুরস্কার নিয়ে লাভ হবে না, দেশের মানুষের ভালোবাসা নেন। তা কাজ দিবে। ভোট ডাকাতি করে, চুরি করে, জনগণের আন্দোলন প্রতিরোধ করা যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান ফখরুল।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে সংসদ নির্বাচনের দাবিতে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি উল্লেখ করে গণতন্ত্র পুনদ্ধারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। এই যুদ্ধে সবাইকে অংশগ্রহনের আহবান জানান মির্জা ফখরুল। সংসদ ভেঙ্গে দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষকে আবার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। পদত্যাগ করুন। জনগণের কাতারে দাঁড়ান। নিরপেক্ষ নির্বাচন দিন।
