জাতিসংঘ দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

0

সিটি নিউজ ডেস্কেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে বিবৃতির জন্য বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মিয়া সেপ্পো পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক নাহিদা সোবহানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ঢাকা অফিস যে বিবৃতি দিয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় আবাসিক প্রতিনিধির কাছে।

সম্প্রতি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়ের অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে ফাহাদের মৃত্যুর নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়। একইসঙ্গে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়া সেপ্পোকে অবহিত করা হয়, জাতিসংঘের বিবৃতিতে মত প্রকাশের জন্যই ফাহাদ হত্যা হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এ বিষয়ে তাকে বলা হয়, শুধু মত প্রকাশের কারণেই ফাহাদকে হত্যা করা হয়নি। ফেসবুকে ফাহাদ যে সমালোচনা করেছেন, এমন সমালোচনা অনেকেই করে থাকেন বলেও মিয়া সেপ্পোকে জানানো হয়।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে ৭ অক্টোবর হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.