দূত হিসেবে মেরিন সেক্টরে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে হবে-নৌপরিবহন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম,সিটি নিউজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) এর প্রশিক্ষণ সমাপনকারী প্রশিক্ষণার্থীদের দেশের দূত উল্লেখ করে বলেছেন, দেশী-বিদেশী সামুদ্রিক জাহাজে অর্পিত দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করে আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।
প্রতিমন্ত্রী আজ ১৫ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রামে এনএমআই চট্টগ্রামের ২০তম ব্যাচ ও মাদারীপুরের ৯ম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কূচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এনএমআই’র এবারের ব্যাচে চট্টগ্রাম ও মাদারীপুর মিলে ১৭৮ জন রেটিংস তাদের প্রশিক্ষণ সমাপন করে। উল্লেখ্য, ১৯৯৪ সালে থেকে চলতি বছর পর্যন্ত প্রশিক্ষণ সমাপনকারী রেটিংসদের সংখ্যা ২ হাজার ৯ শত ৭৮ জন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, এনএমআই চট্টগ্রামকে মেরিটাইম কর্মকান্ডের কেন্দ্র হিসেবে পরিণত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রী-সী রেটিং কোর্স পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে। সে প্রেক্ষিতে এ ইনস্টিটিউটে ৬ তলা বিশিষ্ট শহিদ ক্যাপ্টেন শেখ কামাল কমপ্লেক্স ও এডভান্স ফায়ার ফাইটিং ব্লক নির্মাণ করা হয়েছে। প্রশিক্ষণের গুণগত মান অতিকতর বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে “সিমুলেটর সংগ্রহ“ শীর্ষক প্রকল্প পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। এর কাজ অচিরেই শুরু হবে। এছাড়া মেরিটাইম সেক্টরের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতির জন্য এখানে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেরিটাইম কমপ্লেক্স ” শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক মানের যা আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেইফটি এজেন্সী কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। তাছাড়া ২০১৪ সাল হতে এ ইনস্টিটিউট আন্তর্জাতিক মানদন্ডের স্বীকৃতি স্বরূপ DNV-GL এবং পরবর্তী সময়ে ব্যুরো ভেরিটাস কর্তৃক IS0 সনদ অর্জন করেছে। বর্তমানে এ ইনস্টিটিউটের ফিটার-কাম- ওয়েল্ডার প্রশিক্ষণার্থীগণ 6G সনদ অর্জন করেছে। ফলে এ সকল প্রশিক্ষণার্থীগণ জাহাজে চাকুরীর পাশাপাশি দেশে-বিদেশে আন্তর্জাতিকমানের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, প্রশিক্ষণের গুণগতমান অবশ্যই বজায় রাখতে হবে।
চলতি বছর সেরা প্রশিক্ষণার্থী হিসেবে বিএসসি স্বর্ণপদক অর্জন করেন শ্রেষ্ঠ অলরাউন্ড রেটিং ইঞ্জিন বিভাগের তাসওয়ার জাহান। এ সময় বিভিন্ন বিভাগের কয়েকজনকে পুরস্কার ও ৪ জনকে সামিট এলায়েন্স স্কলারশীপ প্রদান করা হয়। প্রতিমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, ট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজসহ বিভিন্ন শিপিং এজেন্ট প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
