চামড়া ছিনতাইয়ের অভিযোগে আটক ৩

0

সিটিনিউজবিডি : বন্দরনগরী চট্রগ্রামে চামড়া ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬ পিস চামড়া উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পাঁচলাইশ থানা থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে মির্জারপুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটক হওয়া তিনজন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তিনজন হল, পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৪), শুলকবহর মসজিদ লেইনের ফখরুল ইসলামের ছেলে ইমতিয়াজ আহমেদ (২৫) এবং একই এলাকার মো.রফিকের ছেলে মো.বাবুল (২৫)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো.গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বিকেলে মির্জারপুল এলাকায় স্থানীয় কয়েকজন লোক ১৬ পিস চামড়া সংগ্রহ করে রাস্তায় আড়তদারের কাছে বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। এসময় কয়েকজন যুবক এসে তাদের কাছ থেকে চামড়াগুলো ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে থানায় অভিযোগ করার পর পুলিশ অভিযানে নামে। রাতে তিনজনকে মির্জারপুল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চামড়া বিক্রেতা মো.জাবেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের ওই মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো.গিয়াস উদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.