স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব সভাপতি নির্মল, সম্পাদক বাবু
সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সভপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আফজালুর রহমান বাবুর নাম ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বের প্রধান দুটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের। ছাত্রজীবনে তিনি নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কেরও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে আফজালুর রহমান বাবু সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ছাত্রলীগের সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক।
