পদ্মা সেতুতে বসল ১৯তম স্প্যান দৃশ্যমান প্রায় ৩ কিমি
সিটি নিউজ ডেস্কঃ পদ্মাসেতুর ২১ ও ২২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ১৯তম ‘৪-সি’ স্প্যান। শরিয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মধ্যবর্তী স্থানে এ স্প্যানটি বসানো হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার সময় স্প্যানটি বসানো সম্পন্ন হয়।
১৯তম স্প্যান স্থায়ীভাবে বসানোর মাধ্যমে পদ্মা সেতুর দৃশ্যমান হলো ২ হাজার ৮৫০ মিটার। ১৮তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় বসানো হলো ১৯তম স্প্যান।
এদিন সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন স্প্যানকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনের মাধ্যমে ২১ ও ২০ নম্বর পিলারের কাছে নেওয়া হয়। দুপুর পৌনে ২টার সময় স্প্যানটি বসানো সম্পন্ন হয়।
পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ন কবীর জানান, পদ্মা নদী এখন অনেকটা শান্ত। এতে সেতুর কাজে এসেছে ব্যাপক গতি। গেল বর্ষা মৌসুমের চার মাসে বসানো গেছে মাত্র এক স্প্যান। সেখানে গত এক মাসেরও কম সময়ের এবার বসনো হয়েছে তিন স্প্যান।
তিনি আরো জানান, পদ্মাসেতুতে মোট ৪২ পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুতে দুই হাজার ৯৫৯ রেলওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯১৭ রোডওয়ে স্ল্যাব বসবে। পদ্মাসেতুর মোট ৪১ স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩ স্প্যান।
এর মধ্যে ১৮ স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
