শিক্ষিত তরুণদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে হবে-ড.হোসেন জিল্লুর রহমান
গোলাম সরওয়ার,সিটি নিউজ : চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমমিসসিআই) ও চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই) উদ্যোগে কর্মসংস্থান বিষয়ক স্কিল প্রমোশন আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিএমমিসসিআই কনফারেন্স রুমে ব্র্যাক’র চেয়ারম্যান, পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান, চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই)’র প্রধান সমন্বয়ক, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের পরিচালনায় শিক্ষিত বেকার তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য স্কিল প্রমোশন আলোচনায় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ চট্টগ্রাম’র ভাইস প্রেসিডেন্ট এ এম মাহাবুব চৌধুরী, খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম, মেট্রোপলিটন চেম্বারের পরিচালকবৃন্দ,কেডিএসগ্রুপ এর প্রতিনিধি ও বিএসআরএম এর প্রতিনিধিসহ শিক্ষার্থীবৃন্দ।
ড.হোসেন জিল্লুর রহমান বলেন আমাদের তরুণরা অত্যন্ত মেধাবী। অনেক উন্নত দেশের তরুণদের তুলনায় আমাদের তরুনরা কাজ করতে ভালোবাসে। কিন্তু বিশ্ববাজার এখন যা চাচ্ছে, সেই আদলে তৈরি হচ্ছে না আমাদের তরণরা।দেশে শিক্ষিত বেকারের হার বাড়ছে। প্রশিক্ষণ ও শিক্ষা নিয়ে নিজেদেরকে কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের কর্মদক্ষতার পাশাপাশি যদি আমরা বিভিন্ন ধরনের আরও প্রশিক্ষণ দিতে পারি, তাহলে দেশের বেকারত্বের হার কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে।
তিনি আরো বলেন, শুধু সনদভিত্তিক শিক্ষাই নয়, কর্মদক্ষ মানবশক্তি সৃষ্টিতেও মনোযোগী হতে হবে। শিক্ষিত তরুণদের স্কিল প্রমোশন বিষয়ে জানতে হবে।জবের জন্য চট্টগ্রামে বিশেষ সেল তৈরী করারও পরামর্শ দেন তিনি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো,যাদের কিছু কর্মদক্ষতা রয়েছে, যারা চাইলে নিজেদের কাজের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে নিতে পারেন-তারা সবসময় কাজের উপযুক্ত ক্ষেত্র পাচ্ছে না।

এ এম মাহাবুব চৌধুরী বলেন, আমাদের তরুণদের কর্মদক্ষতা ও কর্মকুশলতার দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশিরা এসে আমাদের কর্মক্ষেত্র জাঁকিয়ে বসছে।তাই তরুণদের কর্মদক্ষ করে গড়ে তোলা প্রয়োজন।তরুণদের হতে হবে প্রফেশনাল মেন্টরশিপ, ইংরেজীতে দক্ষ,ক্যারিয়ার গাইডলাইন,পরিকল্পনা,প্রয়োজনীয় সফট স্কিল সম্পর্কে জানতে হবে।
প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম বলেন, তরুণদের কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে নতুন শিল্পের বাজার তৈরি, ও দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে মনোযোগী হতে হবে আমাদের।
আলোচনায় উপস্থিতবৃন্দ তাঁদের পরিচিতি, শিক্ষাজীবন, যোগ্যতা, প্রতিকূলতা ও স্বপ্নের কথা উপস্থাপন করেন এবং তারা বলেন, ক্যারিয়ার গড়তে এ ধরনের আলোচনা ও অনুষ্ঠান তরুণ সমাজ এবং শিক্ষিত বেকারদের প্রেরণা জোগাবে।
