সিটি নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারীতে বসেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’ আয়োজন করতে পারছি। সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। এ খেলার মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ খুব সুন্দর দেশ। এ ধরনের খেলার আয়োজন যখনই হবে তখন আপনারা বাংলাদেশে আসবেন। বাংলাদেশে এসে খেলাধুলার পাশাপাশি ভ্রমণ করে সুন্দর বাংলাদেশকে দেখতে পারেন, উপভোগ করতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বলেই আমরা স্বাধীনভাবে চলতে পারছি এবং খেলাধুলার আয়োজন করতে পারছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ফিলিস্তিন এবং রানার্সআপ বুরুন্ডির খেলোয়াড়দের ধন্যবাদ জানান। এছাড়া অংশগ্রহণকারী সব দেশের খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলমান এ টুর্নামেন্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই গ্রুপে বিভক্ত হয়ে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করে।
ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে পরপর দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন।
