বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে ফিরোজপুরের ঘটনা তারই প্রমানঃ ফখরুল
সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিরোজপুরের ঘটনাই প্রমাণ করেছে দেশের বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করছে।
আজ বুধবার (৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে জেলা দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, আমরা যে কথাটা সব সময় বলছি যে, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার। এটাই তার প্রমাণ। কারণ পিরোজপুর আওয়ামী লীগের সভাপতিকে যখন দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় ভেতরে বা কাস্টডিওতে নিতে বলেছেন আদালত। তখন যে অবস্থার সৃষ্টি করা হয়েছে, বাধ্য করা হয়েছে আদালতকে কয়েক ঘন্টা পরে জামিন দিতে। এই ঘটনা প্রমাণ করেছে যে, এদেশে আইনের শাসন নেই। এখানে বিচার বিভাগ যে স্বাধীন নয় সেটা আরেকবার উলঙ্গভাবে প্রমাণিত হলো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বিএনপির অবস্থান নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, উনি যে কথাগুলো বলেন, সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই না। মুজিববর্ষের সঙ্গে মোদি (নরেন্দ্র মোদি) সাহেবের আসার সম্পর্ক নেই। সম্পর্ক এটা যে তিনি এই মুজিববর্ষেই আসছেন।
আমরা যে কথাটা বলছি যে, তার (নরেন্দ্র মোদি) দেশে যেভাবে এনআরসিকে নিয়ে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, সাম্প্রদায়িক বিভক্তি সৃষ্টি করা হচ্ছে সে বিষয়েই আমরা কথা বলছি। বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল, সেক্টারগুলো তারা এতে ক্ষুব্ধ হয়েছেন এবং তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার প্রেক্ষিতে তার এই সময়ে আসাটা কতটুকু শোভন সেটাই আমরা প্রশ্ন রেখেছি।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরহাদ হোসেন আজাদ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
