যারা বঙ্গবন্ধুর নাম মুছতে চেয়েছিল তারাই নিশ্চিহ্ন হয়ে যাবেঃ কাদের

0

সিটি নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল তারাই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় বঙ্গবন্ধুর আদর্শ এবং সততায় বলিয়ান হয়ে শক্তিশালী দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ে তুলতে তার জন্মশতবার্ষিকীতে এসে আমরা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করার শপথ নিয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে মুজিববর্ষে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তরুণরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন করার পর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে, পরে তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন’ ইত্যাদি শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.