সিটি নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টানা ২০ দিনের ছুটির মধ্যে বসল মন্ত্রিসভা বৈঠক।
আজ সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গণভবনে সীমিত পরিসরে এই বৈঠক বসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ অন্যান্যরা উপস্থিত ছিরেন। তবে সবাই মাস্ক পরা ছিলেন। বসেছেন আলাদা আলাদা টেবিলে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসসহ আরও কয়েকজন সচিবকেও মাস্ক পরিহিত অবস্থায় ভিন্ন ভিন্ন টেবিলে বসে থাকতে দেখা গেছে। অন্য সময় সব মন্ত্রী বৈঠকে থাকলেও এই বৈঠকে শুধু যাদের এজেন্ডা ছিল তারাই উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।
দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়া এবং এর সংখ্যা বাড়তে থাকায় সরকার জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে। মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
পরে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ করে দেয়া হয় সব ধরনের গণপরিবহনও। করোনা পরিস্থিতির উন্নতি না হলে ছুটি দুই দফায় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
সর্বশেষ গত ১৬ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। ২২ ও ৩০ মার্চ মন্ত্রিসভার বৈঠক হয়নি।
