আমাদের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণঃ নওফেল
সিটি নিউজঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনা পরিস্থিতিতে মানুষ মানুষের সাহায্যে যেভাবে এগিয়ে এসেছে তা অভূতপূর্ব।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনের উদ্যোগে হাই ফ্লো ন্যাসল ক্যানোলা হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম থেকেই বলে আসছেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই রোগটা নতুন। তাই বুঝে উঠতে কিছুটা সময় লেগেছে। বর্তমানে সরকার করোনা মোকাবেলায় যা যা করার সবকিছু করেছে।
তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ অনেক সচেতন। আমরা পাশ্ববর্তী দেশের চেয়ে আগে উপলব্ধি করতে পেরেছি। মানুষ মানুষের সাহায্যে যেভাবে এগিয়ে আসছে এটা একটা অভূতপূর্ব ঘটনা। পাশ্ববর্তী দেশে আমার কিছু পরিচিত মানুষজন আছে, সেখানেও জনস্বাস্থ্যে মানুষের সম্পৃক্ততা এই পর্যায়ে নেই। কারও অক্সিজেন প্রয়োজন হলে বাসায় অক্সিজেন নিয়ে ছুটে যাচ্ছে। এটা চট্টগ্রামসহ সারা বাংলাদেশে হচ্ছে।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে আমাদের একটা শংকা ছিল। এখানে অবকাঠামোর কমতি আছে। এই কমতিটা খুব দ্রুততার সাথে নিষ্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চমেক ও জেনারেল হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন বলে আমরা শুনেছি।
তিনি বলেন, কোভিড কিন্তু চলে যাবে না। আমাদেরকে এটার সাথেই থাকতে হবে। এই সমস্যা চলমান। তা কতদিন থাকে আল্লাহ ছাড়া কেউ জানেন না।
এ সময় তিনি হাইফ্লো ন্যাজল ক্যানোলা দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই মুহুর্তে আপনারা এগিয়ে এসেছেন। তাই আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের দেখে আরও অনেকেই এগিয়ে আসবেন।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুবাই প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসাইনের উদ্যোগে চমেক হাসপাতালে দেওয়া দুইটি হাইফ্লো ন্যাজল ক্যানোলা হস্তান্তর করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
