সিটি নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৪৬১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৬১৯ কোটি ৭৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৪২ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে। সভায় সেতু নির্মাণ এবং সড়ক প্রশস্তকরণ প্রকল্পের দুটি পরিদর্শন বাংলো নির্মাণের প্রস্তাব বাতিল করে উক্ত সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকে সভাপরিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও কাজ করায় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সকল শ্রেণির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে আমরা নিয়মিত কাজ করে গেছি। সেজন্যই প্রধানমন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন।’
বিজ্ঞাপন
একনেকে অনুমোদিত প্রকল্প গুলো হচ্ছে- বারৈয়াহাট-হেয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরন, দাউদকান্দি-গোয়লমারী-শ্রীরায়েরচর-মতলব উত্তর জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট সেতু নির্মাণ, তেঁতুলিয়া নদীর ভাঙ্গন হতে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাট হতে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা রক্ষা, গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্প এবং ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্প।
