প্রনব মুখার্জীর মৃত্যুঃ বাংলাদেশ হারালো একজন আপনজনকে

0

 

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ সোমবার (৩১ আগস্ট) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। বার্তায় বঙ্গবন্ধু পরিবার ও তার নিজের সঙ্গে প্রণব মুখার্জির বহু স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালে প্রণব মুখার্জি আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন এবং যে কোনো প্রয়োজনে আমার ছোট বোন শেখ রেহানা ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দেশের ফেরার পরও প্রণব মুখার্জি সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু ছিলেন। যে কোনো সংকটে তিনি সাহস জুগিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে, আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন’। প্রয়াতের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বিকেলে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮৪ বছর বয়সী প্রণব। তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.