মসজিদে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয়, প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী বিএনপির
সিটি নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ভার্চুয়াল এক বৈঠকে এই মন্তব্য করেন।
আজ রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা করা।
বিবৃতিতে জানানো হয়, শনিবার বিকেল ৫টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লন্ডন থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া নিজ নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৈঠকে গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণের ফলে প্রায় ২৪ জন মুসুল্লি নিহত হয় এবং প্রায় ৪০ জন অগ্নিদগ্ধ হওয়ায় সভায় শোক প্রকাশ করা হয় এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করা হয়। একই সাথে সভায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
‘এই ধরণের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয় বৈঠক থেকে’।
বৈঠকে পাবনা-৪ আসনের উপ-নির্বাচন মনিটরিং এর জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহবায়ক করে ‘কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটি’ গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: সদস্য সচিব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাজমুল হক নান্নু, শাহীন শওকত, এ কে এম আনোয়ারুল ইসলাম, সেলিম রেজা হাবিব, সিরাজুল ইসলাম সর্দার, হাবিবুর রহমান তোতা, হাসান জাফির তুহিন।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচন ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আগামী ১২ সেপ্টেম্বর ৫টায় দলীয় পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা হতে ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
‘আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।’
‘সভায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এই ঘটনা দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক ও ভঙ্গুর অবস্থা প্রমাণ করে। এই হামলার সঙ্গে সরকারী দলের অঙ্গ সংগঠন যুবলীগের সন্ত্রাসীরা প্রত্যক্ষভাবে জড়িত মর্মে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়। এ ধরণের হামলা প্রমাণ করে এই সরকারের শাসনামলে দেশের কোন নাগরিকই নিরাপদ নয়-এমনকি প্রশাসনও নিরাপদ নয়। দেশের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় সভায়।’
বৈঠকে নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রসঙ্গে আলোচনা হয়। এবিষয়ে বলা হয় যে, বর্তমান নির্বাচন কমিশন অপ্রয়োজনীয় আইনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে সরকারের হাতে তুলে দিতে এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এই ধরণের সংশোধন বা আইন পরিবর্তনের অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। এই ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়। এবিষয়ে অবিলম্বে জাতিকে অবগত করার জন্য বিস্তারিত সংবাদ সম্মেলনের আয়োজন করবে বিএনপি।
কোভিড-১৯ করোনা ভাইরাস বাংলাদেশে লাগামহীনভাবে সংক্রমিত হচ্ছে এবং সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এধরণের মিথ্যাচার জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকিস্বরূপ। স্বাস্থ্য বিভাগকে প্রকৃত চিত্র তুলে ধরার জন্য আহবান জানানো হয়। এবিষয়ে খুব শিগগির বিস্তারিত সংবাদ সম্মেলন আয়োজন করবে বিএনপি।
