ধর্ষণে সহযোগিতার অভিযোগে ভিপি নুরের বিরুদ্ধে মামলা
সিটি নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন।
মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধর্ষণের ঘটনা পরম্পরায় ভিপি নুরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ভিপি নুর বলেন, বিষয়টি নিয়ে মোটেও বিচলিত নই। এক ফেসবুক লাইভে নুর বলেন, ধর্ষণ সেনসেটিভ বিষয়। গ্রেপ্তার হতে পারি। আমি বলব, জেল না খাটলে তো নেতা হওয়া যায় না। আমরা যেহেতু মানুষের অধিকার আদায়ে কাজ করছি, জেল তো খাটতেই হবে।
তিনি বলেন, গ্রেপ্তার করলে কী করে, বলা তো যায় না। বিএনপির অনেক নেতাকে মেরে ফেলা হয়েছে। তবে আল্লাহ না চাইলে কিছুই হবে না। আমরা নীতি-নৈতিকতা ঠিক রেখে আন্দোলন চালিয়ে যেতে চাই।
তিনি বলেন, আমি এখনও মামলার পুরো বিষয় জানি না। কে এই মামলার বাদী? কারা এর আসামি। এগুলো নিয়ে বিচলিত হতে চাই না। হয়তো এটা সরকারের ষড়যন্ত্রের অংশ। এছাড়া মামলাকারী ছাত্রলীগের নেত্রী। তাকে টাকা দেয়ার বিনিময়ে এই মামলাটি করানো হয়েছে।
নুরুল হক নুর বলেন, ভিপি নুর আলোচিত ছাত্রনেতা। তার বিরুদ্ধে মামলা হবে এটাই স্বাভাবিক। মামলা একটা কেন, শতাধিক হবে। ধর্ষণের মামলা হয়েছে, খুনের মামলা হবে। টাকা পাচারের মামলা হয়নি, এটা ভালো খবর।
তিনি আরো বলেন, ভিপি নুরের চরিত্র হননের জন্য মামলা হবে। ছাত্রলীগ মিছিল করবে, যুবলীগ মাঠে নামবে; এটাই স্বাভাবিক।
