করোনা কমলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল চালুঃ তথ্যমন্ত্রী
সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনা কমতে স্বাভাবিক থাকলে আগামী ১৬ অক্টোবর সিনেমা হল চালু হতে পারে বলে জানিয়েছেন ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে হল মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, যদি করোনা পরিস্থিতি কমতে থাকে তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। তবে সেটি প্রধানমন্ত্রী অনুমতিক্রমে। হলগুলোতে স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। করোনা পরিস্থিতি অবনতি হলে সিদ্ধান্ত ভিন্নতর হবে।
তিনি বলেন, যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। বিনোদনকেন্দ্র খুলে দেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, হল মালিকরা সেভাবে প্রণোদনা চাননি। তবে একসময় আমাদের ১২শ’ সিনেমা হলে ছিল, এখন ২০০-২৫০ আছে।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বন্ধ সিনেমা হল চালু, হল আধুনিকায়ন ও নতুন হল নির্মাণ করতে চাইলে স্বল্প সুদে ঋণ দিতে বিশেষ তহবিল গঠনের জন্য অনুমোদন চেয়েছিলাম। প্রধানমন্ত্রী হল পুনরায় চালু, সংস্কার ও নতুন হল চালু করতে চাইলে স্বল্প সুদে ঋণ দিতে তহবিল গঠনের অনুমোদন দিয়েছেন।
