সিটি নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরায় বাসায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পেছনে সরকারি মদদেই হয়েছে। এ ঘটনায় তারা ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই মন্তব্য করে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মির্জা ফখরুলের বাসায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনার বিষয়ে বিবৃতিতে বলা হয়, আজ সন্ধ্যায় স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা এই ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে মনে করে। বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারী চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে। সভা এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরায় বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করেছে বলেও দলটির স্থায়ী কমিটির সদস্যরা মনে করছেন।
