সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

0

সিটি নিউজঃ চট্টগ্রামে ৩দিন ধরে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গোলাম সরওয়ারকে দ্রুত উদ্ধারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ প্রত্যাশার কথা জানান।

এছাড়া এ বিক্ষোভ সমাবেশ থেকে গোলাম সরওয়ারকে উদ্ধারে ১৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সিইউজে। এই সময়ের মধ্যে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করতে ব্যর্থ হলে রবিবার সকাল ১১টায় সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কর্মসূচী ঘোষনা করা হয়েছে।

তিনদিন পরও নিখোঁজ সাংবাদিক সরওয়ারের সন্ধান না পাওয়ায় সমাবেশে উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একজন গণমাধ্যমকর্মীর নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমে আঘাত করে কারা ফায়দা লুটতে চায়, কারা সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করতে চায়, সেসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।

নেতৃবৃন্দ বলেন, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততদিন রাজপথ ছাড়বে না সাংবাদিক সমাজ। গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপহরণের ঘটনা হয়েছে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিতে সাংবাদিক সমাজের পাশে ছিলেন। নিখোঁজ সাংবাদিক সরওয়ারকে দ্রুত উদ্ধারেও চট্টগ্রামের সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

একইসাথে যারা এই অপহরণ কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের স্ত্রী জেসমিন সরওয়ার বক্তব্য রাখেন। তিনি তার স্বামীকে অক্ষত ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হ্স্তক্ষেপ কামনা করেছেন।

আরও বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও হাইকোর্টের অতিরিক্ত এটর্নী জেনারেল এ এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, জাতীয় পার্টির নেতা তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ ও সহ-সভাপতি অনিন্দ্য টিটো, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারি রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ দীপঙ্কর বাবু, যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান জামশেদ রেহমান প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.