আল্লামা আহমদ শফীকে হত্যা করা হয়েছেঃ মাঈনউদ্দীন রুমী
সিটি নিউজঃ হেফাজত ইসলামের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। নেতৃবৃন্দরা হেফাজতের ইসলামের নেতৃত্বের দখল নিতে জামায়াত-শিবির নানামুখী চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। তারা অভিযোগ করে বলেন, আগামীকাল রবিবার হাটহাজারীতে হেফাজতের সম্মেলনের মাধ্যমে জামায়াত-শিবিরের অনুসারীরাই এই সংগঠনটির মূল নেতৃত্বে আসবে।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আহমদ শফির পরিবার, হেফাজতের একাংশের নেতারা সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে হেফাজতের প্রধান আহমদ শফির মৃত্যুর জন্যও জামায়াত শিবিরকে দায়ী করা হয়।
সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের একাংশ হাটহাজারীতে রবিবারের সম্মেলন বন্ধের দাবিও জানান। আহমদ শফির অ্যাম্বুলেন্স পরিকল্পিতভাবে আটকে রাখার অভিযোগটি পুনরায় উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়।
হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মাঈনউদ্দীন রুমী অভিযোগ করে বলেন হেফাজতের ইসলামের নেতৃত্বের দখল নিতে জামায়াত-শিবির নানামুখী চক্রান্তের ফসল আল্লামা আহমদ শফীর মৃত্যু। তিনি বলেন. আদর্শিকভাবে জামাত-শিবিরের সাথে আমাদের অমিল দীর্ঘদিনের। জামাত-শিবির এবং রাষ্ট্রনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা নাই, ছিলাম না। আমরা কোন রাজনৈতিক দলের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না।
