আগ্রাবাদে যুবলীগ কর্মী মিন্টু হত্যার প্রধান আসামী গ্রেফতার
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে যুবলীগ কর্মী মো. মারুফ চৌধুরী মিন্টু হত্যা মামলার এজহারভুক্ত প্রধান আসামি মো. রমজান আলীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সে আগ্রতলা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে ডবলমুরিং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে এবং মিন্টু হত্যা মামলার এজহারভুক্ত আসামি রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার উপ-পরিদর্শক অর্নব বড়ুয়া বলেন, কাঠের বাটাম দিয়ে আঘাতের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। রমজানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামি রমজান আলী আশুগঞ্জ থেকে আগরতলা হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে মো. মারুফ চৌধুরী মিন্টুকে ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মিন্টু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। মারুফের মৃত্যুর পর তার বড় বোন রোজি চৌধুরী বাদি হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রমজান, আগ্রবাদ এলাকার কিশোরগ্যাং লিডার মোস্তফা কামাল টিপুসহ মোট সাতজনকে আসামি করা হয়। ঘটনার পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন মোস্তফা কামাল টিপুসহ অভিযুক্তরা
