সাংবাদিকদের সুরক্ষা দেওয়া সংবাদ মাধ্যমের পাশাপাশি রাষ্ট্রেরও দায়িত্বঃ হোসেন জিল্লুর
সিটি নিউজঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, নিখোঁজ সাংবাদিক গোলাম সারওয়ারকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিক সংগঠন ও নেতাদের বলিষ্ঠ ভূমিকা দেশের সব স্তরের নাগরিকদের অনুপ্রাণিত করেছে।
ব্রাকের চেয়ারম্যান ও খ্যাতিমান অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘নৈতিক-বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম অংশ। এ দায়িত্ব পালন সহজ নয়। সাংবাদিকদের চলার পথে সুরক্ষা ও সক্ষমতার নিশ্চয়তা দেওয়া যেমন সংবাদ মাধ্যমের দায়িত্ব, তেমনি রাষ্ট্রেরও দায়িত্ব।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে ‘নৈতিক ও অনুসন্ধানী সাংবাদিকতা, সুরক্ষা ও সক্ষমতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘তরুণ সাংবাদিক সারওয়ার আমার গ্রামেরই ছেলে। তার পেশাজীবী দায়িত্ব পালন করতে গিয়ে যে বিপদের সম্মুখীন হয়েছিল, তা সব স্তরের নাগরিকদের উদ্বিগ্ন করেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের বিপদের সম্মুখীন হওয়া উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি বড় অন্তরায়। এ ধরনের ঘটনা ও এর পুনরাবৃত্তি কিছুতেই গ্রহণযোগ্য নয়। যা ব্যক্তি স্বার্থ চরিতার্থে যে মহল দ্বারাই সংগঠিত হয়ে থাকুক না কেন।’
বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলেন, অনেক সময় এ ধরনের ঘটনার শিকার সাংবাদিকদের বাড়তি যন্ত্রণা তৈরি হয় অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে। তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তাই আমি এবং আমার সঙ্গে সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্বরা সারওয়ারের অর্থনৈতিক দুশ্চিন্তা লাঘবে আমাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়াতে সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় নিপীড়িত সাংবাদিক গোলাম সারওয়ারের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসিন কাজী বলেন, সুরক্ষা এবং সক্ষমতার জায়গায় আমাদের আর্থসামাজিক অবস্থা ঠিক নেই বলেই সারওয়ারকে তিনদিন গুম রেখে মারধর করে ছেড়ে দেওয়া হয়। আজ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু কোনো তদন্ত আমরা পাইনি। সাওয়ার প্রায় বলে, তদন্তের নামে এখন তাকে নিয়েই টানা হেঁচড়া করা হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এ ঘটনায় যারা জড়িত তাদের কোনো খোঁজ পাইনি।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে অপহৃত গোলাম সরওয়ার বলেন, অপহরণের পর একটি ঘরে যেভাবে নির্যাতন করা হয়েছে তা আমার চোখে এখনও ভাসে। আমি চাই না, আমার মতো আর কোনো সাংবাদিক এ ধরনের ঘটনার সম্মুখীন হোক। শুধু চাই, সুষ্ঠু বিচার হোক। আমাকে যেনো আর হয়রানি করা না হয়।
তিনি বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। অপরাধীরা ধরা পড়ুক। তাদের বিচারের আওতায় আনা হোক।
চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব কাজী মহসিন।
বেসরকারি টেলিভিশন যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিপীড়িত সাংবাদিক গোলাম সারওয়ার ও তার স্ত্রী-সন্তানরা।
