বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা বাঙালির হৃদয়ে আঘাতঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত। এটা এ দেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের চ্যালেঞ্জ। এর নেপথ্যে যারা মদদ এবং অর্থের জোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে এখন থেকে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে’র অনুমতি নিতে হবে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করেন। সেটা তার প্রতি ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে। কিন্তু কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধুর ছবির মিল থাকছে না। কখনও কখনও নকশা বা ডিজাইনেরও ত্রুটি দেখা যাচ্ছে। তাই বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি গ্রহণ ছাড়া ভাস্কর্য নির্মাণ করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, তাদের জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে। ভাস্কর্য ইস্যুতে দেশি-বিদেশি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রদায়িক কোন গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত এ দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।

কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবিলা করা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডে সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা এরই মধ্যে এর প্রমাণ করেছে এবং বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধী বলয়ের পৃষ্ঠপোষক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.