সিটি নিউজঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র কোতোয়ালীসহ ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলী করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নগরীর পাঁচ থানার ওসি বদল করা হয়েছে সিএমপি সূত্রে জানা গেছে।
সোমবার রাতে এ আদেশে জারি করা হয়।
সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক রদবদলের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশনের নির্দেশে এ বদলি আদেশ দেওয়া হয়েছে ।
যে ৫টি থানার ওসিদের বদলী করা হয়েছে তাদের মধ্যে চট্টগ্রামের কোতোয়ালি থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায়, বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে কোতোয়ালী থানায় আনা হয়েছে। আর ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকারকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর আইন শৃংখলা পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছিল। এ পরিস্থিতিতে সিএমপির গুরুত্বপূর্ণ থানাগুলোর ওসি রদবদল করা হলো।
সিটি নিউজ/ডিটি
