আমিরাত বিদেশী নাগরিকদের নাগরিকত্ব দিচ্ছে

0

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত সেদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিতে যাচ্ছে।  শনিবার নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমিরাতে অবস্থানরত বিদেশিদের নাগরিকত্ব প্রদানের পথ খুলে দেয়া হচ্ছে। করোনা মহামারির এই সময়ে উপসাগরীয় কোনো দেশে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়।

আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেন, নতুন এই সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন।

শেখ মোহাম্মদ বলেন, প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কারা নাগরিকত্ব পাবেন সেটা চূড়ান্ত করবে আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী পরিষদ।

যারা আরব আমিরাতের পাসপোর্ট গ্রহণ করবে তারা নিজ নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলে জানানো হয়েছে। আরব আমিরাত সরকার জানিয়েছে, দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ লোকজনকে আকৃষ্ট করা সম্ভব হবে।

বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও মেধাবী লোকজনের সংখ্যা বেড়ে গেলে তা আমিরাতের জন্য সুফল বয়ে আনবে। আরব আমিরাতে নাগরিকত্ব পাওয়া বিদেশি নাগরিকের সংখ্যা খুব বেশি নয়। দেশটিতে বিভিন্ন দেশ থেকে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করছে। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এদের মধ্যে অনেকেই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাসিন্দা।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.