ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

0

সিটি নিউজ ডেস্ক: ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।  আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত ব্যক্তিরা হলেন আহমেদ মিনহাজ, ওমর ফারুক, মো. মামুন, মো. রুবেল ও মো. মিলাদ। তাদের মধ্যে মিনহাজ সন্দ্বীপ পৌরসভায় ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্য চার জন সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে ওমর সারিকাইত ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মো. হানিফের ছেলে। তবে অন্যদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় শিকার হন তারা। গাড়িতে মোট ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া বাকি পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সারিকাইত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের চার জন বাসিন্দার মৃত্যুর খবর তাদের পরিবারের পক্ষ থেকে জেনেছি। এ ছাড়া আমার ইউনিয়নের আরও দুই জন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি আছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.