সিটি নিউজ ডেস্কঃ বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মিলিটারি ডিরেক্টর জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিল। বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ‘ল এর আতুড়ঘরে।
পাল্টা প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিল? ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালিয়েছিল,তখন মানবাধিকার কোথায় ছিল?
সোমবার (১৫ মার্চ) সকালে সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি। এসময় লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট।
বিএনপি তাদের শাসনামলে কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে।
সিটি নিউজ/ডিটি
