সিটি নিউজ ডেস্ক : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত ছয়জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি।
শুক্রবার (২৮ মে) রাতে এই ঘটনার শিকার হন ওই তরুণী। আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন। পরে সকল যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগেই নামিয়ে দেন বাসের চালক-হেলপার। তারা ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে আসে। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে ভুক্তভোগী তরুণীকে দলবেধে ধর্ষণ করে বাসের চালক, হেলপারসহ ছয়জন। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
এ ঘটনার পর বাসটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ওই তরুণীর চিৎকার শুনে পুলিশের ডিউটিরত মোবাইল টিম থামানোর সংকেত দেয়। পরে গাড়িতে থাকা মেয়েটি জানায় সে শুক্রবার সকালে মানিকগঞ্জের বোনের বাড়িতে বেড়াতে যায়। পুনরায় নিজ বাড়িতে ফিরতে নবীনগরে আসে সে। পরিচিত একজনের সঙ্গে দেখা হলে তার সঙ্গে টঙ্গীর উদ্দেশ্যে রওয়ানা দিলে চলন্ত বাসে ৬ জন তাকে ধর্ষণ করে।
পরে বাসে থাকা ৬ ব্যক্তিকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। নির্যাতিতা ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সিটি নিউজ /এসআরএস
