জাকের আলী অনিক ছিটকে যাওয়ায় চট্টগ্রাম টেস্টে পরিবর্তন নিশ্চিতই ছিল বাংলাদেশ দলের। অভিষেক হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অসুস্থতার জন্য খেলা হচ্ছে না লিটন কুমার দাসের।
সব মিলিয়ে আগের ম্যাচের একাদশ থেকে ৩টি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।
জাকের, লিটনের সঙ্গে এই ম্যাচের একাদশে নেই অফ স্পিনার নাঈম হাসান।
জাকেরের পরিবর্তে সুযোগ পাওয়া মাহিদুল গতকাল রাতেই চট্টগ্রাম এসে পৌঁছেছেন। আজ তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন। ঠাণ্ডা-জ্বর অনুভাব করা লিটনের জায়গায় একাদশে ফিরেছেন জাকির হাসান।
মাহিদুলের মতো তিনিও জাতীয় ক্রিকেট লিগে খেলে গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়া নাঈমের জায়গায় খেলবেন ডানহাতি পেসার নাহিদ রানা।
২ ম্যাচ সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ সিরিজ বাঁচানোর এই ম্যাচে টস জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
