সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ অংশ নিতে দুবাই যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের ৩০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন।
ড. ইউনূসের সফর ঘিরে আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রবাসীদের প্রত্যাশা, এই সফরে তিনি বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন এবং আমিরাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবেন।
আমিরাত কমিউনিটি নেতা ব্যবসায়ী আলহাজ্ব ইয়াকুব সৈনিক বলেন, আমিরাতের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে। আমরা আশা করছি, তিনি বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন। বর্তমান সময়ে বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের মাঝে অনেক ক্ষোভ রয়েছে। বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙ্গে তাদের যৌক্তিক দাবী মেনে নেওয়ার অনুরোধ জানাই।
শারজাহর ব্যবসায়ী ও সংগঠক শাহাদাত হোসেন বলেন, ‘আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে, কিন্তু ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশিকে নিয়োগ দেওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান হলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।’
গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সময় তিনি ড. ইউনূসকে ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
সম্মেলনে বিশ্বনেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন, পর্যটনসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাত নিয়ে আলোচনা করবেন। প্রবাসীরা আশা করছেন, ড. ইউনূসের এই সফর বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
