সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ’-এর নবম আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রানার-আপ হয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই।
এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কনস্যুলেট দল অংশ নেয়। গ্রুপ পর্বে বাংলাদেশ কনস্যুলেট দল দক্ষতা ও পারফরম্যান্সের দারুণ সমন্বয়ে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে। এরপর শক্তিশালী যুক্তরাজ্য দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ দলকে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কনস্যুলেট সদস্য ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এসময় অন্যান্য আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতার সফল আয়োজনে আয়োজকদের প্রশংসা করেন।
