বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর আনোয়ারা ২৩ তম কিলোমিটারে অবস্থিত শঙ্খ নদীর উপর তৈলারদ্বীপ সেতুর টোল নিয়ে বিগত দিনে সিএনজি শ্রমিকদের অবরোধ, মানববন্ধন সহ নানা আন্দোলনের ফলে অবশেষে সিএনজি থেকে ১৫ টাকা টোলের পরিবর্তে ৮ টাকা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃ দাঃ ) সওজ, চট্টগ্রাম জোন মোঃ আরিফুর রহমান।
২৪১৮/(৮)চট্ট: জোন স্মারকে ২৬ অক্টোবর এই নিদের্শনা প্রদান করেন। এদিকে ২৬ তারিখ এই নির্দেশনা প্রদান করলেও ২৭ তারিখ পর্যন্ত টোল ইজারাদার কর্তৃপক্ষ মেসার্স কবির কনস্ট্রাকশনের লোকজন সিএনজি থেকে পূর্বের ন্যায় ১৫ টাকা ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন সিএনজি শ্রমিক পুঁইছড়ির সভাপতি জহিরুল ইসলাম, জলদীর সভাপতি আবদুস ছবুর, গুনাগরীর সাধারণ সম্পাদক মোঃ হাছান।
তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলে ১৫ টাকার পরিবর্তে ৮ টাকা টোল আদায়ের নির্দেশ দেওয়া হলেও সেই নিয়ম এখনো পর্যন্ত ইজারাদার কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে না। এ ব্যাপারে মেসার্স কবির কনস্ট্রাকশনের স্বত্বাধিকার আলমগীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই নির্দেশনার কোন কপি এখনো পর্যন্ত তার হাতে পৌছেনি। হাতে পৌঁছলে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।
……………জুয়েল
