চট্রগ্রাম অফিস :: মহান ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ১২ রবিউল আউয়াল সরকারিভাবে জশনে জুলুছ উদযাপনের দাবি জানিয়েছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। ৯(২২ ডিসেম্বর) এবং ১২ (২৫ ডিসেম্বর) রবিউল আওয়াল ঢাকা ও চট্টগ্রামে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও আগামী মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় এবং শুক্রবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর আয়োজন করা হয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র উদ্যোগে গাউছিয়া কমিটি বাংলাদেশ’র তত্ত্বাবধানে জুলুছে নেতৃত্ব দেবেন আওলাদে রাসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ(ম.জি.আ)।
মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা মোহাম্মদপুরের খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস বের করা হবে। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামেয়া কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ ও মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
শুক্রবার সকাল ৮টায় বন্দর নগরী চট্টগ্রামের ষোলশহর আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুছ বের হবে। বিবিরহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার, চন্দনপুরা, সিরাজুদৌলা রোড হয়ে আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান, গণি বেকারি প্রদক্ষিণ করে পুনরায় চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর হয়ে জায়েমা আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ, আলোচনা সভা ও জুমার নামাজের পর মুনাজাত শেষে অনুষ্ঠানের সমা্প্তি ঘটবে।
শুক্রবার জুমার নামাজের কারণে জুলুছে সড়ক প্রদক্ষিণ পরিসর ছোট করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আয়োজকরা আশা করছেন এবার ৩০ লক্ষাধিক নবী প্রেমিক জুলুছে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জুলুছ আয়োজক কমিটির প্রেস এন্ড পাবলিকেশন সম্পাদক অধ্যাপক কাজী শামমুর রহমান, গাউছিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র যুগ্ম সম্পাদক সিরাজুল হক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
