লালদীঘিতে গাউছুল কনফারেন্সে লাখো নবীপ্রেমিকের ঢল

0

চট্রগ্রাম অফিস :: কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসুল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, খলিফায়ে রাসুলের মর্যাদায় অভিসিক্ত গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলীর তরিক্বত চিন্তাশীলদের জন্য গবেষণার অনন্য ক্ষেত্র। কেননা এ তরিক্বতে রয়েছে আল্লাহ ও প্রিয় রাসুলের সন্তুষ্টি অর্জনের ব্যতিক্রমধর্মী নানা আধ্যাত্মিক প্রযুক্তি। ইসলামের স্বর্ণযুগের হারানো ঐতিহ্য এসব আধ্যাত্মিক প্রযুক্তি ফয়েজে কোরআন, প্রিয় রাসুলের হেরার শিক্ষা মোরাকাবা ও নূরে মুহাম্মদীর জ্যোতিতে মুসলমানদের জাহির-বাতিনের পুনর্গঠন করে আত্মোপলব্ধির জাগরণ ঘটবে। যার ফলে মুসলমানদের কর্মে ও চিন্তা-চেতনায় আসবে সততা ও মননশীলতা এবং মুসলমানেরা হবে ঈমানীশক্তিতে তেজোদীপ্ত ও বলীয়ান।

তিনি আজ ২৮ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে উপস্থিত লাখো সুন্নি জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান যুগে ইসলামের মহান পথ প্রদর্শক ও সুন্নাতে মোস্তফার প্রচারক গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী তরিক্বতের দীক্ষায় ব্যক্তিচরিত্র সংশোধনে সমাজে শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়ার পাশাপাশি ইসলামের খেদমতে ও শিক্ষার প্রসারে নির্মাণ করে চলেছেন দেশ-বিদেশে বহু মসজিদ, মাদ্রাসা ও পাঠাগার। কানাডায় মসজিদ স্থাপন, হিফজুল কোরআন বিভাগ চালু এবং চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে কাগতিয়া কামিল মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস চালুকরণ এর মধ্যে অন্যতম।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।

যুব সমাজের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দেশের যুব সমাজকে অশ্লীলতা, উগ্রতা-সন্ত্রাস-জঙ্গীবাদসহ ইভটিজিং এর মতো ঘৃণিত অপরাধ থেকে মুক্ত হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। আর এক্ষেত্রে যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব গাউছুল আজমের দর্শন এবং এ দরবারের গৃহীত আধ্যাত্মিক কর্মসূচীসমূহ ফলপ্রসু ভূমিকা রাখবে।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম তালুকদার ও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন । প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া বলেন, আধ্যাত্মিক চেতনা বিকাশের মাধ্যমে উন্নত নৈতিকতাসম্পন্ন আলোকিত মানুষ গড়ার মধ্যে দিয়ে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী গঠন করেছেন প্রিয় রাসুলের হিলফুল ফুযুলের আদলে অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। যে সংগঠনের মনোগ্রাম ইতোমধ্যে অলৌকিকভাবে বিভিন্ন গাছের পাতায় উদ্ভাসিত হয়ে খোদায়ীভাবে এর কবুলিয়তের সাক্ষ্য বহন করছে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, ছাত্রজীবন থেকে আমি গাউছুল আজমের মকবুল এ তরিক্বতের সাথে সম্পৃক্ত হয়েছি। গাউছুল আজমের তাওয়াজ্জুহর প্রভাবে স্মৃতিশক্তি হয় প্রখর। শিক্ষাজীবনে তরিক্বত চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী সন্ত্রাস, মাদক সহ নানা অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেকে মুক্ত রাখতে পারে।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকি, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান।
কনফারেন্সে দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের লাখো ধর্মপ্রাণ সুন্নি জনতা উপস্থিত ছিলেন। কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসমূহ ছাড়াও অষ্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র প্রবাসী কাগতিয়া দরবারের অনুসারী ও ভক্তরা বাংলাদেশে আসতে থাকে। ঐদিন সোমবার সকাল থেকেই চট্টগ্রামের সব উপজেলা, কক্সবাজার, মহেষখালী, চকরিয়া, ফেনী, কুমিল্লা, বি-বাড়িয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান গাড়িযোগে লালদীঘি ময়দানে জমায়েত হতে শুরু করে।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করেন। এ সময় উপস্থিত সকলের আমিন, আমিন ধ্বনিতে এক অভূতপূর্ব দৃশ্যের সূচনা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.