চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম মহানগর ছাত্রদল তাদের নিজস্ব ওয়েবসাইট চালু করেছে। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এই ওয়েবসাইট উদ্বোধন করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বে তথ্য প্রযুক্তির বিপ্লব চলছে। সরকারের অগণতান্ত্রিক কর্মকন্ড জনগণের কাছে পৌঁছে দেওয়ার সহজ মাধ্যম হচ্ছে তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম।
‘সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে ক্ষমতায় গিয়ে জনগণের সাথে প্রতারণা করছে, সরকারের ডিজিটাল কারচুপিগুলো যখন তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণ জানতে পারে, তখন সরকার ফেইসবুক, হোয়াটস্ আপ, ভাইবার, এর মত জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয়।’
শাহাদাত বলেন, দেশে গণমাধ্যমের যেমন স্বাধীনতা নেই, তেমনি মানুষের প্রতিবাদ করারও কোন সুযোগ নেই।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আমার দেশ চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপন প্রমুখ।
