দয়াময়ী সুইটস ও সাধু মিষ্টান্নকে দেড় লাখ টাকা জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক : নোংরা পরিবেশে খাবার তৈরি তার মধ্যে পুরনো তেল ও সিরায় নিমকি ও মিষ্টি বানানোর দায়ে দুই দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্বে পরিচালিত অভিযানে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে নগরীর নন্দন কানন এলাকায় অবস্থিত দয়াময়ী সুইটসকে এক লাখ টাকা ও কোতোয়ালি থানা মোড়ের সাধু মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ মিষ্টি ও দই বিক্রি, নোংরা ও ভেজাল পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দয়াময়ী সুইটস -কে জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এতো নোংরা পরিবেশেও যে মিষ্টি তৈরি করা যায় , তা আমি জীবনে দেখিনি। ৬ মাস আগে তৈরি করা মিষ্টিও পেয়েছি এই দোকানে।’ ‘এরা এসব মিষ্টি ও দই শো-কেসে সাজিয়ে তাজা মিষ্টি হিসেবে বিক্রি করছিল, ক্রেতারা সরল বিশ্বাসে এসব মিষ্টি-দই কিনে প্রতারিত হচ্ছিলেন,’বলেন ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

তিনি আরও বলেন, ‘এধরণের খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।’ এদিকে একইদিন দুপুরে নগরীর কোতোয়ালী থানার বিপরীতে অবস্থিত সাধু মিষ্টান্ন ভান্ডার-কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি , দই ও নিমকি তৈরিসহ নানা অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, সাধু মিষ্টান্ন ভান্ডার নোংরা পরিবেশ ও পুরনো বাসি তেলে নিমকী ভাজছিল। এছাড়া অনেক দিনের পুরনো চিনির সিরায় মিষ্টি তৈরি ও মেয়াদ উত্তীর্ণ দই বিক্রি করে আসছিল তারা।

তিনি আরো বলেন, সাধু মিষ্টান্ন ভান্ডারে যে সব দই পাওয়া গেছে তা ঠিক কবে তৈরি করা হয়েছে তার কোন সঠিক তথ্য দিতে পারেনি দোকানটির কারিগর ও মালিক কেউই।
এদিকে একই অভিযানে নগরীর স্টেশন রোড এলাকায় নিজাম হোটেল নামক একটি রেস্টুরেন্ট এ অভিযান চালিয়ে বাসি পরোটার খামির, আয়োডিন বিহীন লবন ও বাসি তেল ব্যবহার, বাসি তরকারি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, নগরীর স্টেশন রোডে অবস্থিত নিজাম হোটেলে পরোটার খামির কখন তৈরি করা হয়েছিলো তার কোন সঠিক তথ্য দিতে পারেনি দোকান কর্তৃপক্ষ।

এর আগে নগরীর এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটস (বোম্বেওয়ালার দোকান), দিদার মার্কেটের ইকবাল সুইটস, নন্দনকাননের বোস ব্রাদার্স, সিরাজউদ্দৌলা সড়কের দত্ত সুইটসকে জরিমানা করেছিলেন ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
অন্যদিকে বনফুল অ্যান্ড কোং লিমিটেড ও মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে ১৫ লাখ করে ৩০ লাখ টাকা জরিমানা করেছিলেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.