নিজস্ব প্রতিবেদক : ৬ মাস আগের পোড়া পাম অয়েলে চানাচুর ও মিষ্টি ভাজা হচ্ছিল। তাতেও আবার উড়ছিল মশা-মাছি। এমনই বিস্বাদ খাদ্য তৈরি করছিল চট্টগ্রামের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্বাদ’। অন্যদিকে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল পাউরুটি।
চট্রগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ‘স্বাদ’ এর একটি মিষ্টি তৈরির কারখানায় এমনই চিত্র দেখতে পেয়েছে। নোংরা পরিবেশে ও বাসি পামওয়েল দিয়ে মিষ্টি ও অন্যান্য খাদ্যদ্রব্য তৈরির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানকে।
রোববার (১৭ জানুয়ারী) বেলা সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ‘ স্বাদ এর এই কারখানায় নোংরা মাছি-মশা পূর্ণ পরিবেশে ছয় মাসের পুরনো বাসি পামওয়েল ও বাসি চিনির সিরা দিয়ে মিষ্টি , চানাচুরসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল। অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি, চানাচুরসহ অন্যান্য খাদ্য তৈরির দায়ে ‘স্বাদ’ কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
এছাড়া তিনি বলেন, ‘স্বাদ’ এমন অস্বাস্থকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি করে নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।’
