চট্রগ্রাম: বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার বিকেলে দীর্ঘ শুনানি শেষে মেট্রোপলিটন মেজিস্ট্রেট রহমত আলী তিনদিনের জন্য রিমান্ডে নিয়ে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
নগর পুলিশের এডিসি প্রসিকিউশন মুত্তাকী ইবনু মিনান বলেন, নুর মোহাম্মদকে গ্রেফতারের পর গত শুক্রবার তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী।
র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে চাঞ্চল্যকর তরল কোকেন মামলার আসামী নুর মোহাম্মদকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নগর পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সানফ্লাওয়ার তেল পাওয়া যায়। তেলের নমুনা প্রাথমিক পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলে উন্নত ল্যাবে কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।
গত বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১(খ) ধারায় জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পরবর্তীতে চোরাচালানের ধারায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সেটি তদন্তাধীন আছে।
