সিটিনিউজবিডি: চট্টগ্রামে দুই ফেনসিডিল বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহনূর এ রায় দিয়েছেন। দণ্ডিত দু’জন হল, কুতুব উদ্দিন ও ইকবাল হোসেন। এদের মধ্যে কুতুব উদ্দিন পলাতক আছে।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ও মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ মার্চ কুতুব ও ইকবালকে নগরীর ব্যাটারি গলি থেকে ৬’শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা। ওইদিনই তিনি বাদি হয়ে কোতয়ালি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
একই বছরের ১৮ এপ্রিল দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ।
একই বছরের ১২ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মোট আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
