চট্রগ্রাম : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ চট্টগ্রাম এসেছেন। সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে পার্টির প্রেসিডিয়াম সদস্য, কোতোয়ালি আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম স্বাগত জানান।
জিয়াউদ্দিন আহমেদ জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান, পল্লিবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে এসেছেন। আমরা পার্টি চেয়ারম্যানকে নিয়ে র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউতে যাচ্ছি। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক মো. ইয়াকুব জানান, শুক্রবার ও শনিবার পার্টি চেয়ারম্যান কয়েকটি ঘরোয়া কর্মসূচিতে অংশ নেবেন। এবার জনসভার মতো কর্মসূচি নেই। শুক্রবার পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। শনিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
তিনি জানান, বিকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে পার্টির সিনিয়র প্রেসিয়াম সদস্য ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ চট্টগ্রাম আসবেন।
