চট্রগ্রাম : শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবস্থান করবেন প্রায় ৬ ঘন্টা। আর এই সময়ে যোগ দেবেন পৃথক ৩ টি অনুষ্ঠানে। সকাল ১১ টায় তিনি চট্টগ্রাম সেনানিবাসে এসে পৌঁছাবেন, বিকাল ৪ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি) এর নবম পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দুপুরে অক্সিজেন-কুয়াইশ সড়কের শেষ প্রান্তে কাপ্তাই রাস্তার মাথা বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৫ টি প্রকল্প উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পের সম্মিলিত ব্যয় প্রায় ৫ হাজার কোটি টাকা।
বিকালে নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন ও চেম্বারের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯ টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশে রওনা দেবেন। সকাল ১১ টায় চট্টগ্রাম সেনানিবাসের হেলিপ্যাডে উপস্থিত হবেন। সকাল ১১ টা ৫ থেকে ১১ টা ২৫ মিনিট পর্যন্ত ভিভিআইপি গেস্ট হাউজ ‘সিগ্ধা’য় বিশ্রাম নিবেন। ইবিআরসি এর নবম পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
প্রধানমন্ত্রী দুপুর ২ টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু এ্যাভিনিউ (অক্সিজেন-কুয়াইশ সড়ক) এর উদ্দেশ্যে যাত্রা করবেন । বিকাল ৩ টা ১০ মিনিট থেকে ৩ টা ২০ মিনিটের মধ্যে এই সড়কের শেষ প্রান্তে বঙ্গবন্ধু’র ম্যুরাল, বঙ্গবন্ধু এভিনিউ, কদমতলী ফ্লাইওভার, বাইপাস রোডের নির্মাণ কাজ ও রিং রোডের নির্মাণ কাজের উদ্বোধন এবং লালখান বাজার হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সেপ্রেস ওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এখান থেকে বিকাল ৩ টা ২৫ মিনিটে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে যাত্রা করবেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিবেন বিকাল ৩ টা ৩৫ থেকে ৪ টা ১৫ মিনিটের মধ্যে।
বিকাল ৪ টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বিকাল ৪ টা ৪৫ মিনিটে এই বিমান বন্দর থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
