চট্রগ্রাম : দেশপ্রেমে সেনাবাহিনীকে সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের স্থল সীমা নির্ধারণ হয়ে গেছে, সমুদ্রজলসীমা নির্ধারণ হয়ে গেছে। এখন দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে।’
তিনি শনিবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে সেনাবাহিনীর ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ পদ্মা সেতুর কারণে বিশ্বের দরবারে আমাদের ভাবমূর্তি বেড়েছে।’
তিনি তার পরিবারের শেখ কামাল এবং শেখ জামাল ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) গর্বিত সদস্য ছিলেন বলে উল্লেখ করেন।
এর আগে প্রধানমন্ত্রী সেনা নিবাসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক তাকে স্বাগত জানান।
এসময় প্রধানমন্ত্রী মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন।অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা ও তিন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে চট্টগ্রাম এসেছেন। সকাল ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টার যোগে তিনি ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছেন।
