নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা দেখিয়ে অনেকে সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন করেন না। কিন্তু পার্শ্ববর্তী ক্লিনিকে ঠিকই করছেন। সাধারণ মানুষ সুবিধাটুকু পেতো চিকিৎসকদের ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করা উচিত।
তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা অনেক। তাই যা আছে তা দিয়েই মানুষের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে হবে। সংকট নিয়েই আমাদের কাজ করতে হবে। মানুষকে সেবা দিয়ে যেতে হবে।
রোববার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন চট্টগ্রামের কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সমন্বয়ে বিভাগীয় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে এক লাখ চিকিৎসক দরকার। কিন্তু আছে বড়জোর ২০ থেকে ৩০ হাজার। একইভাবে যেখানে আড়াই লাখ নার্স প্রয়োজন সেখানে আমাদের রয়েছে মাত্র ২৪ হাজার। তাই সংকট তো থাকবেই। এ সংকটের মধ্যেও কাজ করে যেতে হবে।
নানা সীমাবদ্ধতা ও সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে এলজিইজি পুরস্কার লাভ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তবে এখানেই শেষ নয়। সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদেরকে ইউএসডিজি পুরস্কারও লাভ করতে হবে। এজন্য মা ও শিশু মৃত্যুর হার আরও কমিয়ে আনতে হবে।
