চট্টগ্রাম মেডিকেলের ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

0

চট্রগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের আরেক নেতা ও কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত নেতা-কর্মীরা হলেন ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদ, ছাত্রসংসদের (ছাত্রলীগ নিয়ন্ত্রিত) সাংস্কৃতিক সম্পাদক অনিক ও ছাত্রলীগ কর্মী মেহরাজ।

চিকিৎসকেরা বলছেন, নাহিদ এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর ঘাড়, পা, হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অনিকের মাথায় সামান্য আঘাত লেগেছে। মেহরাজকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিকেল কলেজ ছাত্রসংসদের সহসভাপতি নাবিদ আনজুম তানভীর বলেন, নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২ নম্বর গলিতে কলেজ ছাত্রাবাস এলাকায় রাতে আমাদের জুনিয়র ছাত্রদের সঙ্গে কিছু বহিরাগত যুবকের ঝামেলা হয়। পরে বিষয়টি আমাদের সিনিয়র কয়েকজনকে জানালে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে ওই যুবকেরা দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তবে অনিকের আঘাত সামান্য।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহত নাহিদ ও অনিককে আজ ভোর পৌনে চারটার দিকে হাসপাতালে আনা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ঘটনা শুনেছি। খোঁজখবর চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.